রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২

Bangla Tribune

সকল বিভাগ
আপডেট এখনই

১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে স্মরণীয় করতে পূর্বাচলে অভ্যর্থনার আয়োজন করছেন দলটির নেতাকর্মীরা। এতে থাকবেন বিভিন্ন দলের শীর্ষনেতারাও। তারেক রহমানের এই স্বদেশ ফেরার এই আয়োজন অনেক বিশাল বলে মনে করেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মঞ্চ পরিদর্শন করে গণমাধ্যমের কাছে সামগ্রিক আয়োজন সম্পন্ন করে এই মতামত ব্যক্ত করেন শায়রুল কবির। এর আগে, বিকাল থেকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের পাস দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় নামবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে পত্রিকাগুলো বিশেষ আয়োজন করছে।

গুলশানে বিকাল থেকে দেওয়া সাংবাদিক পাস সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়। সাত শতাধিক সাংবাদিককে কার্ড বিতরণ করে মিডিয়া সেল। এদিন রাতে গুলশানের কার্যালয় ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। কার্যালয়ের সামনে ছিল বরাবরের মতো ভিড়। আশেপাশের সড়কগুলোয় ছিল নেতাদের নিয়ে আসা গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি। ঢোলের শব্দ বাজিয়ে নেতাকর্মীরা যাচ্ছেন পিকআপ ভ্যানে। মাঝে মাঝে মনোনীত প্রার্থীরা এসে গ্রহণ করছেন বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্র।

এদিন মধ্যরাতে মঞ্চ পরিদর্শন করে এসে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, ‘এত বৃহৎ কোনও প্রোগ্রাম এই দেশে হয়নি।’

তিনি জানান, অভ্যর্থনা অনুষ্ঠানে ইতোমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিরা অবস্থান নিয়েছেন। সরেজমিন লাইভ চলছে অনেকে। নেতাকর্মী, উৎসাহী মানুষের আনাগোনা আছে মঞ্চের দিকে।