রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২

Bangla Tribune

সকল বিভাগ
আপডেট এখনই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশেই বিরাজ করছে উৎসবের আমেজ। মধ্যরাতে তীব্র শীত উপেক্ষা করে দলে দলে রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী হচ্ছেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ওই এলাকা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সরেজমিন এই চিত্র দেখা যায় পূর্বাচল ও আসেপাশের এলাকায়।

কুড়িল বিশ্বরোড ও আশেপাশের এলাকায় দেখা যায়, স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা যাচ্ছেন কাঞ্চনব্রিজের মূল মঞ্চের দিকে। হাতে জাতীয় পতাকা এবং দলের চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত পতাকা নিয়ে যাত্রা করেছেন তারা। ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’– এমন স্লোগানে মুখরিত তরুণ নেতাকর্মীরা। 

কথা হয় বিএনপির কর্মী শামসুল আলমের সঙ্গে। তিনি এসেছেন গাইবান্ধা থেকে। শামসুল বলেন, ‘এত বছর পরে আমাদের নেতা আসছেন। এই শীত আমাদের কাছে কিছুই না। আমরা নেতাকে বরণ করতে এসেছি।’

আরেক কর্মী ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান এলেই আমাদের দেশে শান্তি ফিরে আসবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা যে স্বৈরাচারের শাসনে ছিলাম এখন আমরা সেটা থেকে মুক্ত। বিএনপি সামনে সরকারে গেলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।