রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২

Bangla Tribune

সকল বিভাগ
আপডেট এখনই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের প্রতি ‘সহিংস আচরণ’ এবং ছয় জন ডিনকে অপসারণের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ​মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফোরামের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে সই করেছেন ফোরামের সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন।

​বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, এই ঘটনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পরিকল্পিতভাবে শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করা, প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করার এক বিপজ্জনক নজির। ​যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কেবল চাপের কাছে নতি স্বীকার করে ডিনদের অপসারণ চরম দায়িত্বহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে দাবি করেছে সংগঠনটি।

​বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করে ন্যায়সংগত প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সচেতন শিক্ষক সমাজকে এ ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।